আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই চাকমা যুবকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পুরন্দরপুর এলাকা হতে তাদের আটক করা হয়।
আটক ৩ জন হলেন- পুরন্দরপুর গ্রামের শুকুর আলীর ছেলে জিয়াউর রহমান (৪৫), কক্সবাজারের উখিয়া থানার তেলখুলা গ্রামের সৈচাংইনপ চাকমার ছেলে রিপন চাকমা (৩০) এবং টেকনাফ থানার হরিখোলা গ্রামের মাইনের ছেলে মং দ্রিতাইন চাকমা (২৮)।
পুলিশ জানায়, জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে এসআই আসলাম আলী সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার পুরন্দরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, ইয়াবাসহ আটক ৩ জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।