আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৯৫ লাখ ৪১ হাজার টাকার ৪০৬ পিস ডিএনএ টেস্টের ভারতীয় কিট উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১৪ই মার্চ) রাতে উপজেলার নতুনপাড়া গ্রামের একটি পুকুরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব কিট উদ্ধার করা হয়।

রবিবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন নতুনপাড়া বিওপির একদল বিজিবি শনিবার রাত পৌনে ১১টার দিকে সীমান্ত পিলার ৬৫/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের একটি পুকুরের পাশে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ডিএনএ টেস্টের ৪০৬ পিস ভারতীয় কিট। উদ্ধারকৃত কিটের আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ ৪১ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার ওসমান হোসেন।

উল্লেখ্য, গত ৩রা মার্চ সকালে জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তের একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ডিএনএ টেস্টের ২২০ পিস ভারতীয় কিট।