বরিশাল ব্যুরো:: বরিশালে নবাগত দুই প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেন বিএনপির দুই প্রভাবশালী নেতা।বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও জেলা পরিষদের প্রশাসক হয়েছেন বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান।সোমবার পৃথক দুটি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতারা।

এর আগে শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়- বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক পদে দায়িত্ব দেওয়া হয়েছে বিলকিস জাহান শিরীনকে।

সোমবার সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সুধী সমাবেশের মধ্য দিয়ে সবার দোয়া নিয়ে দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন বিলকিস জাহান শিরীন। পরে নগর ভবনে গিয়ে দায়িত্ব বুঝে নেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা ও মহানগর বিএনপির নেতারা। দায়িত্ব নিয়ে বরিশাল নগরীকে গ্রিন সিটি ক্লিন সিটি করার ঘোষণা দেন নয়া প্রশাসক।এদিকে রোববার বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পান কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সোমবার বেলা ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি।এ সময় জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আহসান হাবিবসহ উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা।