বরিশাল সংবাদদাতা:: বরিশালের বানারীপাড়ায় রাস্তার পাশের একটি জমি থেকে মো. তৈয়ব বাহাদুর (৪৫) নামে এক মুদি ও বিকাশ এজেন্ট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২২ মার্চ) ভোররাতে লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। নিহত তৈয়ব বাহাদুর উপজেলার ইলুহার ইউনিয়নের বাসিন্দা এবং উদয়কাঠি বাজারের একজন মুদি ও বিকাশ এজেন্ট ব্যবসায়ী ছিলেন। তিনি মৃত আজাহার বাহাদুরের ছেলে।পুলিশ জানায়, শনিবার রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখেন তৈয়ব বাহাদুর। পরে দোকান বন্ধ করে দিনের লেনদেনের টাকা সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তবে গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত আনুমানিক ৪টার দিকে উদয়কাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের বাড়ির উত্তর-পশ্চিম পাশের একটি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, “তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে। এখন পর্যন্ত পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি।”স্থানীয়দের ধারণা, ঈদ উপলক্ষে বেচাবিক্রির টাকা সঙ্গে থাকায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।