আপডেট নিউজ ডেস্ক:: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।শনিবার (২৯ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।শায়রুল কবির খান জানান, রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় মরহুমার মরদেহ দেশে আনা হবে। একইদিন বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
পরে বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।