আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

দর্শনায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২৩ বোতল নেশাজাতীয় সিরাপসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১২ই এপ্রিল) বিকালে দর্শনা বাসস্ট্যান্ড ও শ্যামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের তমালতলাপাড়ার মজিবর রহমানের ছেলে মিলন হোসেন (৪১) এবং জয়নগর গ্রামের প্রথমপাড়ার চান্দু মাস্টারের ছেলে আব্দুল মান্নান (৪৬)।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, রবিবার বিকালে দর্শনা বাসস্ট্যান্ডের মিলন টি স্টলে অভিযান চালিয়ে মিলন হোসেনকে আটকপূর্বক দোকানঘরের মধ্যে রক্ষিত ফ্রিজের উপর হতে কোডিন ফসফেটযুক্ত ৫ বোতল নেশাজাতীয় সিরাপ ‘উইনসেরেক্স’ উদ্ধার করা হয়।

পরবর্তীতে শ্যামপুর জামে মসজিদের সামনের পাকা রাস্তার উপর হতে আব্দুল মান্নানকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর হতে উদ্ধার করা হয় ১৮ বোতল উইনসেরেক্স।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান জানান, আটক দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।