ভোলা প্রতিনিধি:: ভোলায় ৪৬টি ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজাসহ মো. শেখ ফরিদ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
আটক শেখ ফরিদ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুদূরচর এলাকার আব্দুল মসলেক ব্যাপারীর ছেলে।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড ভোলা বেইসের একটি দল ভোলা সদর উপজেলার কলঘাট বাজার সংলগ্ন সুদূরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।এ সময় প্রায় ৬৩ হাজার টাকা মূল্যের ৪৬টি ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজাসহ শেখ ফরিদকে আটক করা হয়।
পরে জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এ ঘটনায় আরো বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।