আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলের জ্বালানি তেল সংগ্রহকালে আলমডাঙ্গা থানার এক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ই এপ্রিল) বিকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় কর্মরত এক পুলিশ সদস্যকে গত ১৬ এপ্রিল বেলা আনুমানিক ১১টার সময় ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় তার ব্যবহৃত মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহকালে চুয়াডাঙ্গা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক উক্ত পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে গত ২৯শে মার্চ অনুষ্ঠিত জ্বালানি তেল সংক্রান্ত সভায় জরুরী সেবায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন, ও সাংবাদিকগণ বিকল্প লাইনে তেল সংগ্রহ করতে পারবেন মর্মে গৃহীত সিদ্ধান্তের আলোকে চুয়াডাঙ্গা জেলার ফিলিং স্টেশনসমূহে বিকল্প লাইনে সিভিল প্রশাসন, পুলিশ, সাংবাদিক, ফায়ার সার্ভিসসহ জরুরী কাজে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তেল সংগ্রহ করে আসছেন।

কিন্তু গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখ উক্ত পুলিশ সদস্য জরুরী প্রয়োজনে বিকল্প লাইনে তেল সংগ্রহ করতে গেলে তথায় কর্মরত চুয়াডাঙ্গা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত পুলিশ সদস্যকেও জরিমানা করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ একটি সু-শৃংখল বাহিনী হিসেবে সর্বদা জনগণের নিরাপত্তা প্রদান, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় নিয়োজিত। বৈশ্বিক জ্বালানি তেল সংকট মোকাবেলায় জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে চুয়াডাঙ্গা জেলা পুলিশ জেলা প্রশাসনের সাথে সুসমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছে। জরুরী পরিষেবার অংশ হিসেবে পুলিশ সদস্যের বিরুদ্ধে এহেন সিদ্ধান্ত পুলিশ সদস্যদের মনোবলে বিরূপ প্রভাব এবং জনসেবায় নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। জেলা পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে যথাযথ সমন্বয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ এবং প্রয়োজনীয় পারস্পরিক সহযোগিতা একান্ত কাম্য।’