আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রাম সংলগ্ন ফাঁকা মাঠের ভেতর অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের পুরাতন ব্যাটারি মজুদ রাখা ও ব্যাটারি পুড়িয়ে এলাকার পরিবেশ দূষণ করার অপরাধে আব্দুর রহমান নামের (৫০) এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগর দে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পরিদর্শক মো. নাইম হোসেনসহ জীবননগর থানা পুলিশের একটি টিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বেচাদহ মজমাগঞ্জ এলাকার মিন্না বেপারীর ছেলে আব্দুর রহমান জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রাম সংলগ্ন ফাঁকা মাঠের ভেতর নির্দিষ্ট এরিয়া ঘিরে রেখে অস্থায়ী কারখানা তৈরি করেছিলেন। তিনি সেখানে প্রুচর পরিমাণ পুরাতন ব্যাটারি মজুদ করে সেই ব্যাটারি পুড়িয়ে পরিবেশের ক্ষতিসাধন করছিলেন।
এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকালে ওই অস্থায়ী কারখানায় অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে আব্দুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে পরবর্তীতে উক্ত স্থানে এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে বড় ধরনের শাস্তি প্রদান করা হবে মর্মে সতর্কবার্তা দেওয়া হয়।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই রাত ১০টার পর থেকে উথলী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা বাতাসে বারুদ জাতীয় কোনোকিছুর পোড়া গন্ধ পাচ্ছিলেন। কারণ জানতে অনেকেই এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। পরে বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়। আজ সেখানে অভিযান পরিচালনা করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন অভিযান পরিচালনাকারী টিমের প্রতি।