নিজস্ব প্রতিবেদক:: বরিশালের উজিরপুরে এসএসসিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীদের নিয়মিতদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিব ও শিক্ষককে সকল দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি জানাজানির পর ঘটনার সত্যতা পেয়ে দুইজনকে বহিস্কার করা হয় বলে জানিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
বহিস্কৃতরা হলেন, উজিরপুর উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. ফারুক হোসেন ও সহকারী শিক্ষক খগেন মন্ডল।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষায় হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মিত ৭ পরীক্ষার্থীর পরীক্ষা ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে নেওয়া হয়েছে। প্রথমে বিষয়টি জানার পর সংশ্লিষ্টরা গোপন করে যায়। আজ অভিভাবকদের মাধ্যমে জানতে পেয়ে সত্যতা যাচাই করা হয়। সত্যতা প্রমাণিত হওয়ায় কেন্দ্র সচিবসহ দুইজনকে পরীক্ষার সকল দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিপ্তরকেও চিঠি দেওয়া হবে।ইউএনও আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।