আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে কলেজ ছাত্রদল। সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম সাঈদ এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলামের নেতৃত্বে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানি, স্যালাইন, কলম ও পেন্সিল বিতরণ করা হয়। এছাড়া একটি হেল্প ডেস্ক স্থাপন করে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষ খুঁজে পেতে সহায়তা, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ নানা সহযোগিতা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম আনিক ও সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের প্রতি এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। তারা বলেন, ভর্তিযুদ্ধে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহযোগিতা অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়।সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যা শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।