আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
বৃহত্তর কুষ্টিয়া তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিচিত মুখ উথলী গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট সমাজসেবক আবুল হাসান বিশ্বাস ওরফে রাঙা মিয়ার (৮৬) জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (৫ই মে) বেলা ১১টার সময় উথলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ দাফন করা হয় পারিবারিক কবরস্থানে।
জানাজার পূর্বে মরহুম রাঙা মিয়ার বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব উথলী গ্রামের কৃতী সন্তান সালাহউদ্দিন চপল, চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হবি, সাবেক জজ শরিফ মিয়া, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আশরাফ আলী, দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী, উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য ইউনুচ আলী প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হুসাইনসহ অন্যরা।
উল্লেখ্য, রাঙা মিয়া গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আনুমানিক ১টার সময় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মঙ্গলবার ভোরে তার লাশ গ্রামের বাড়ি উথলীতে এসে পৌঁছায়। তিনি বৃহত্তর কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি, চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সহসভাপতি, জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি উথলী গ্রামের মৃত এরশাদ আলী বিশ্বাসের ৬নং ছেলে।