অনলাইন ডেস্ক:: নেত্রকোনার মদনে আলোচিত মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে নেত্রকোনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরুল কবীর রুবেলের দেওয়া তথ্যমতে, ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ২ অক্টোবর। ওইদিন মাদরাসা ছুটি হওয়ার পর ভুক্তভোগী শিশুকে মসজিদ পরিষ্কারের কথা বলেন শিক্ষক সাগর।এক পর্যায়ে মসজিদের বারান্দার একটি কক্ষে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। লোকলজ্জা ও ভয়ে শিশুটি বিষয়টি কাউকে জানায়নি।
দীর্ঘ সাত মাস পর শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন তার মা। গত ১৮ এপ্রিল মদনের একটি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করালে জানা যায়, শিশুটি ৭ মাসের অন্তঃসত্ত্বা।
পরবর্তীতে পরিবারের ব্যাপক জিজ্ঞাসাবাদে শিশুটি শিক্ষকের লালসার শিকার হওয়ার লোমহর্ষক বর্ণনা দেয়। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর র্যাব-১৪ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। গত সপ্তাহে ময়মনসিংহের গৌরীপুরের সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষককে আদালতে হাজির করে পুলিশ অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।চাঞ্চল্যকর এই মামলাটি বর্তমানে স্থানীয় মহলে বেশ উদ্বেগের সৃষ্টি করেছে। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।