শাহিন হাওলাদার:: বিগত দিনের প্রতিটি আন্দোলন ও সংগ্রামে সীমাহীন ত্যাগ স্বীকারের স্বীকৃতি হিসেবে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের প্রচার সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. ইমরান হাওলাদার। কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের অনুমোদনে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে অর্পণ করা হয়েছে।
ইমরান হাওলাদারের রাজনৈতিক জীবন ত্যাগের এক অনন্য উদাহরণ। রাজপথ যখনই উত্তাল হয়েছে, তখনই তাকে মিছিলে সামনের সারিতে দেখা গেছে। পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল এবং দফায় দফায় হামলা-মামলা মোকাবিলা করেও তিনি কখনো পিছু হটেননি। রাজপথের লড়াইয়ে বারবার কারাবরণ এবং অমানবিক নির্যাতনের শিকার হয়েও তিনি দলীয় আদর্শের প্রতি অটল থেকেছেন।
মূলত জেল-জুলুম আর হুলিয়া মাথায় নিয়েই তিনি সংগঠনের প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছেন।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের এই কৃতি সন্তান মাঠ পর্যায়ের কর্মীদের কাছে এক আস্থার নাম। নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি সবসময় কর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং বিপদে ঢাল হয়ে আগলে রেখেছেন। শুধু দলের কর্মী হিসেবে নয়, বরং একজন সাহসী অভিভাবক হিসেবে তিনি রাজপথে রক্ত ও ঘাম ঝরিয়েছেন। এই নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে তার দীর্ঘদিনের শ্রম ও ত্যাগের যথার্থ মূল্যায়ন হয়েছে বলে মনে করছেন সাধারণ নেতাকর্মীরা। আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ইমরান হাওলাদার এক অদম্য শক্তি হিসেবে কাজ করে যাবেন।