আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগরে ইজিবাইক, মোটরসাইকেল ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে শিশু ও নারীসহ ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার উথলী বিজিবি ক্যাম্পের সামনে জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইজিবাইক চালক জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ফজলুর রহমান ওরফে কালো ফজলুর ছেলে লিখন হোসেন (৩০), মোটরসাইকেল চালক ঝিনাইদহের মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৩), ইজিবাইকের যাত্রী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের মৃত ফেদ আলী মালিথার ছেলে আমজেদ মালিথা (৪৭), একই গ্রামের মৃত আবু জেহেলের ছেলে আব্দুস সোবহান (৫৭) এবং বজলুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৪২)। এছাড়া আহত হয়েছেন রেশমা খাতুনের এক শিশু কন্যা।

দুর্ঘটনাস্থলে গিয়ে জানা যায়, যাত্রীবোঝাই একটি ইজিবাইক দর্শনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উথলী বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস নিজ লেন ছেড়ে ডান দিকে গিয়ে দ্রুত গতিতে ইজিবাইকে সামনাসামনি ধাক্কা মারে। এ সময় একটি মোটরসাইকেলেও ধাক্কা মারে মাইক্রোবাসটি।

দুর্ঘটনায় ইজিবাইকের চালক, যাত্রীরা ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। উথলী ক্যাম্পের বিজিবি সদস্যদের সহায়তায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে আহত লিখনকে যশোর সদর হাসপাতাল এবং আমজেদ, সোবহান ও রেশমা খাতুনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো হেফাজতে নিয়েছে জীবননগর থানা পুলিশ। তবে মাইক্রোবাসের চালক ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

উথলী ইউপির ৬নং ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম রতন বলেন, আমার সামনেই এ দুর্ঘটনা ঘটে। ধারণা করছি মাইক্রোবাসের চালক ঘুমের ঘোরে ইজিবাইকে ধাক্কা মেরেছে। তা না হলে এ দুর্ঘটনা ঘটার কথা না। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। অবহিত করা হয় পুুলিশ ও প্রশাসনকে। পরে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশ।