পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বিপুল পরিমাণ শিশু খাদ্য জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভা চত্বরে এসব শিশু খাদ্য ধ্বংস করা হয়। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামীণ হাটবাজারে পাইকারিভাবে এসব খাদ্য বিক্রি করা হচ্ছিল, যা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ শিশু খাদ্য তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় প্রায় ৫ হাজার পিস ফ্রুট জেলি, রোবো আইসক্রিম, মিষ্টি দইসহ সাত ধরনের শিশু খাদ্য এবং এসব তৈরির বিভিন্ন রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

এ ঘটনায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. মোকছেদুল আলমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, রাতের আঁধারে এসব শিশু খাদ্য তৈরি করে বিভিন্ন গ্রামীণ এলাকায় সরবরাহ করা হতো। জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলার সব অবৈধ কারখানার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।