নলছিটি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটি উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি (থ্রি-হুইলা) উল্টে হানিফ মাঝি (৩৮) নামে মালিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালক।রোববার( ২৪ মে) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মানপাশা-খেজুরতলা সড়কের কালিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম।নিহত হানিফ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে।এ ঘটনায় আহত চালক ইমন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি এলাকার বাসিন্দা। তাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিমে পাঠায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানপাশা বাজার থেকে তিন চাকা বিশিষ্ট ট্রলিটি তেল খালাস করে বাখরকাঠি ফেরত যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে ট্রলিটি উল্টে যায়।এ সময় মালিক হানিফ মাঝি ট্রলিচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে এবং আহত চালক ইমনকে শেবাচিমে পাঠায়।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।