বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: আদালতের নির্দেশ অমান্য করে বরিশালের বাকেরগঞ্জে মোঃ জলিলুর রহমানের জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভার ৩নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা এসকেন্দার মৃধার বিরুদ্ধে। আদালতের নির্দেশে পুলিশ কাজ বন্ধ করে দিলেও বিবাদীরা তা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ রেজাউল করিম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (৩১ মে) মোঃ জলিলুর রহমানের জমিতে এসকেন্দার মৃধা ও তার দুই মেয়ে জামাতাসহ আরও ১০-১২ জন ব্যক্তি মিলে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণের চেষ্টা করেন। জমির মালিক জলিলুর রহমানের ভাতিজা মোঃ রেজাউল করিম ও তার লোকজন বাঁধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী জলিলুর রহমানের পক্ষে মোঃ রেজাউল করিম বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ১৪৪/১৪৫ ধারায় মামলা (মামলা নং ১৭৮/২০০৭) দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে বিরোধীয় সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বাকেরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ফারুক হোসেন ঘটনাস্থলে যান এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু অভিযোগ উঠেছে, পুলিশের নির্দেশ উপেক্ষা করে বিবাদী এসকেন্দার মৃধারা পুনরায় নির্মাণ কাজ শুরু করেন।
অসহায় মোঃ রেজাউল করিম প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আদালতের নির্দেশ কার্যকর করে তার চাচার ক্রয়কৃত সম্পত্তি ফিরে পেতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি স্থানীয় প্রশাসনের কাছে আইনি সহায়তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।