গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে কলোনির ১৮টি ঘর ও তিনটি দোকান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় গেল রাত সাড়ে ১১টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে যায় কলোনির ১৮টি ঘর ও তিনটি দোকানের মালামাল।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. বেলাল হোসেন জানান, কলোনিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।