আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ সিরাপসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ই জুন) সন্ধ্যায় জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তাছিম হোসেন ওরফে আকাশ (৩০) জীবননগর উপজেলার হরিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নিউ মডার্ন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে থেকে এক যুবককে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৪৮ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ সিরাপ।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।