অনলাইন ডেস্ক:: জামায়াতপন্থি ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদ থেকে ১৭ জন আইনজীবী পদত্যাগ করেছেন।মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, পদত্যাগকারীদের মধ্যে সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।তবে পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

পদত্যাগকারী ডিএজিরা হলেন, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট আবদুল করিম, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, অ্যাডভোকেট গোলাম রহমান ভুঁইয়া, অ্যাডভোকেট আসাদ উদ্দিন, অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

এএজিরা হলেন, ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম।পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় প্রতিবাদস্বরূপ আমরা একযোগে পদত্যাগ করেছি।

অন্য পদত্যাগকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনিক কাঠামো নিয়ে সরকারের অবস্থানের সঙ্গে তাদের মতপার্থক্য তৈরি হয়।পদত্যাগপত্রে তাদের অনেকে লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখা তাদের পক্ষে সম্ভব নয়। তাই অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে পদত্যাগ কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।