নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বানারীপাড়ায় বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় ইলুহার খালের ওপর নির্মিত একটি সেতুর স্প্যান ধসে পড়েছে। এতে বানারীপাড়া উপজেলার সঙ্গে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই উপজেলার অন্তত ১১টি ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা নদী থেকে বালু নিয়ে আসা একটি বাল্কহেড ইলুহার খালের সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে সেতুর এক প্রান্তের তৃতীয় পিলার হেলে পড়ে এবং একটি স্প্যান ভেঙে বাল্কহেডের ওপর ধসে পড়ে।স্থানীয় বাসিন্দা ও সৈয়দ বজলুল হক কলেজের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান বিপ্লব জানান, দুর্ঘটনার সময় বাল্কহেডে থাকা সাড়েং, সুকানি ও আরও তিন শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান। তবে সেতুর স্প্যান ধসে পড়ায় বানারীপাড়া ও স্বরূপকাঠীর মধ্যকার গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বানারীপাড়া হয়ে স্বরূপকাঠীর মিয়ারহাটসহ আশপাশের এলাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফলে যাত্রী ও পরিবহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই একজন উপসহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সরেজমিন পরিদর্শনের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দায়ী বাল্কহেডের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সেতু পুনর্নির্মাণের ব্যবস্থা করা হবে।এদিকে দ্রুত সেতুটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, এটি দুই উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।