বরগুনা প্রতিনিধি:: কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর সহযোগিতায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ও বরগুনার তালতলী উপজেলার কৃষকদের মাঝে আমন ধানের ভিত্তি বীজ বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে পরিচালিত এ কার্যক্রমে চাপলী, কুয়াকাটা, পুরানমহিপুর ও তালতলী শাখার আওতায় কৃষকদের মাঝে বীজ প্রদান করা হয়।জানা যায়, প্রতিটি শাখায় ৩৮ জন করে মোট ১৫২ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আমন ধানের ভিত্তি বীজ বিতরণ করা হয়েছে। সময়োপযোগী এই উদ্যোগে উপকূলীয় অঞ্চলের কৃষকরা বেশ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আবু জাফর মোঃ ইলিয়াস। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বসির উদ্দিন, মোঃ সুজন সরদার ও মোঃ আশরাফ আলী। কোডেকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মোঃ ইসমাইল শেখ এবং শাখা ব্যবস্থাপক সোহেল মাহমুদ, মরিয়ম আক্তার, মোঃ মঈন উদ্দিন ও বাসুদেব নন্দী।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃষকদের হাতে বীজ তুলে দেন এবং উন্নত জাতের ধান চাষে কৃষকদের উৎসাহ প্রদান করেন। বক্তারা বলেন, কৃষকদের মাঝে উন্নত মানের ভিত্তি বীজ সরবরাহের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের কৃষি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ অবস্থায় কৃষকদের পাশে দাঁড়িয়ে সময়মতো বীজ সহায়তা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। অতিথিরা কোডেকের এই কৃষকবান্ধব কার্যক্রমকে সাধুবাদ জানান এবং একে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।বীজ পেয়ে কৃষকরাও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, আমন মৌসুমের শুরুতে এই সহায়তা তাদের চাষাবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উৎপাদন খরচ কমাতে সহায়ক হবে।