নিজস্ব প্রতিবেদক:: পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশেষ অভিযানে গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে উপজেলার শিয়ালকাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ জানতে পারে, শিয়ালকাঠি গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে বাবু হাওলাদার (২৫) দীর্ঘদিন ধরে নিজ বাড়ির পশ্চিম পাশে গাঁজা গাছের চাষ ও পরিচর্যা করে আসছিলেন। পরে তিনি ওই গাঁজা প্রক্রিয়াজাত করে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই মহিউদ্দিন ও এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালান। এ সময় বাবু হাওলাদারকে গাঁজা গাছসহ আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন,মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরও বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি জনসাধারণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত জুন মাসে কাউখালী থানায় ১০টি মাদকের মামলা হয়েছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।