‘ব্রাজিল-বধ’ নরওয়ের ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন: হালান্ড
বার্তা বিভাগ
খেলাধুলা:: আর্লিং হালান্ডের জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তার এই জাদুকরী পারফরম্যান্সে ভর করে ২-১ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে নরওয়ে।ঐতিহাসিক এই অর্জনে উচ্ছ্বসিত নরওয়েজিয়ান স্ট্রাইকার এটিকে তাদের দেশের ফুটবল ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ জয়’ হিসেবে আখ্যায়িত করেছেন।ম্যাচ শেষে নিজের আবেগ ধরে রাখতে না পেরে ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন বলেন, ‘এখন আমাদের দেশের সবার এই ঐতিহাসিক জয় উদযাপন ও উপভোগ করা উচিত।এটি নরওয়ের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জয়। আইভরি কোস্ট এবং ব্রাজিলের মতো পরাশক্তিদের বিপক্ষে এই জয়গুলো আমাদের ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এর জন্য গর্বিত।
আজকের ম্যাচটি নরওয়ের জন্য নিঃসন্দেহে চমৎকার একটি ম্যাচ ছিল এবং আমি নিশ্চিত, এই জয় আমাদের দেশের বহু তরুণকে ফুটবলার হওয়ার অনুপ্রেরণা জোগাবে, ঠিক যেভাবে আমি একসময় অনুপ্রাণিত হয়েছিলাম।’ইংলিশ প্রিমিয়ার লিগের চেনা প্রতিপক্ষ, আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগলাহায়েসের মুখোমুখি হতে হয়েছিল হালান্ডকে।প্রিমিয়ার লিগে সাধারণত গাব্রিয়েলই তাকে মার্ক করার দায়িত্বে থাকেন। বিশ্বমঞ্চের এই ডুয়েলে কে জয়ী হলো; এমন প্রশ্নের জবাবে বরাবরের মতোই সংক্ষিপ্ত ও চতুর উত্তর দেন হালান্ড।কৌশল নিয়ে তিনি বলেন, ‘আমাদের কেবল একটা বা দুটো সুযোগের প্রয়োজন ছিল। গুরুত্বপূর্ণ বিষয় হলো সুযোগের জন্য অপেক্ষা করা এবং তা সামনে আসামাত্রই কাজে লাগানো। আমার প্রথম গোলটি ছিল হেডার থেকে এবং দ্বিতীয় গোলটি ছিল সত্যিই অবিশ্বাস্য।’ব্রাজিলকে হারিয়ে শেষ আট নিশ্চিত করা নরওয়েকে এখন পরবর্তী প্রতিপক্ষের জন্য অপেক্ষা করতে হচ্ছে। সকাল ৬টার ম্যাচে মুখোমুখি হতে যাওয়া ইংল্যান্ড এবং মেক্সিকো ম্যাচের জয়ী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লড়বে স্ক্যান্ডিনেভিয়ান দলটি।