বরিশাল প্রতিনিধি:: বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের ময়দান খোলা এলাকায় বন্যপ্রাণী শিয়াল হত্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ৭ টি শিয়াল জবাই করে গোসত দিয়ে রুটি পিঠা খাওয়ার অভিযোগ স্থানীয় পশুপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে এ নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি এই বন্যপ্রাণীটি হত্যা করে। পরবর্তীতে ‘নাইম রাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি বিতর্কিত বিজ্ঞাপন পোস্ট করা হয়।
মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন ও পশুপ্রেমী সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে শুরু করে। দেশের প্রচলিত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘন করে এভাবে প্রকাশ্যে বন্যপ্রাণী হত্যা এবং তার মাংস বিক্রির প্রচারণাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদীরা।এ বিষয়ে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো:রফিকুল ইসলাম বলেন বিষয়টি আমি জেনেছি লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন।