আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
মাদকদ্রব্য সেবনের অপরাধে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের তিন যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- আশরাফ আলীর ছেলে নাজমুল হক (২৬), মৃত আতিয়ারের ছেলে মশিয়ার রহমান (২২) এবং আপান আলীর ছেলে শামীম হোসেন (২৭)।
গতকাল বুধবার দুপুরে মৃগমারী গ্রামের একটি বাঁশবাগানে মাদকদ্রব্য (গাঁজা) সেবনরত অবস্থায় তাদের আটক করে গ্রামের যুবসমাজ। পরে বিকালে তাদেরকে জীবননগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের (সামারি ট্রায়াল) জন্য আটক ওই তিন যুবককে চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
উল্লেখ্য, জীবননগর উপজেলার প্রত্যেক গ্রামে মাদকদ্রব্যের বিস্তার ভয়াবহ রূপ ধারণ করেছে। এসব মাদকদ্রব্য সেবন করে যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তবে নিজ গ্রামে মাদকের বিস্তার রুখতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে মৃগমারী গ্রামের যুবসমাজ।