আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি পার্বত্য জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ি উপজেলার বিভিন্ন সড়ক ও যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
পরিদর্শনকালে তারা উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের নালকাটা-শুকনাছড়ি সড়কের ভাঙা অংশ এবং পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়কের পানছড়ি সিনিয়র ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। এ সময় চলমান সংস্কার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত, টেকসই ও মানসম্মতভাবে মেরামত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সচল করে জনদুর্ভোগ কমাতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও সাম্প্রতিক বন্যায় পানছড়ি উপজেলার বিভিন্ন সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।