চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সুশীলনের উদ্যোগে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ বিষয়ক কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও সুশীলনের যৌথ ব্যবস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে সুশীলন এবং অর্থায়ন করছে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওয়ালীউল ইসলাম এবং সুশীলনের উপজেলা সমন্বয়কারী মো. বুলবুল আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাকলুকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্রু, দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সিপিপি কর্মকর্তা মাহতাবুল বারী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুল মালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, নজরুলনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিব শাহরিয়ার, মানিকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম, সুশীলনের ইউএফএফ মো. সোহেল ও দোলন সরকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সুশীলনের উপজেলা সমন্বয়কারী মো. বুলবুল আহমেদ AA, SRSP ও CRI প্রকল্পের কার্যক্রম তুলে ধরে বলেন, প্রতিটি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, দুর্যোগ মোকাবিলায় সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া, ঝুঁকিপূর্ণ মানুষকে সময়মতো আশ্রয়কেন্দ্রে নেওয়া এবং দুর্যোগের পূর্বমুহূর্তে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার আহ্বান জানান।
শেষে তিনি সুশীলন ও বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।