আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
পাবনার ফরিদপুরে অভিযান চালিয়ে ৫৪৯ বোতল ফেন্সিডিল-জাতীয় মাদক ‘এসকাফ কফ সিরাপ’সহ মিরাজুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ই জুলাই) সন্ধ্যায় ফরিদপুর থানার গোডাউন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। আটক মিরাজুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর থানার উথলী গ্রামের ফার্মগেটপাড়ার ইয়াসিন আলীর ছেলে।
পাবনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ-এর সার্বিক তত্ত্বাবধানে ফরিদপুর থানা পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় গোডাউন মোড় এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৫-৩৯৩০) থেকে ৫৪৯ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক করা হয় মিরাজুল ইসলাম নামের এক যুবককে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি নিজেই গাড়িটি চালিয়ে মাদক বহন করছিলেন।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে ফরিদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বুধবার তাকে পাবনার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, জীবননগর উপজেলার উথলী ও সেনেরহুদা গ্রামের চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী ঢাকায় বসে মাদকের বড় সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে গোপন সূত্রে জানা গেছে। তাদের সাথে যুক্ত রয়েছেন স্থানীয় কতিপয় মাদক ব্যবসায়ী। তারা এলাকার যুবকদের দিয়ে মাদকের বড় বড় চালান বিভিন্ন জেলায় পৌঁছে দিচ্ছেন। আর নিজেরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। সম্প্রতি উথলী গ্রামের সোয়েব শেখ নামের অপর এক যুবক ৪২ কেজি গাঁজাসহ ঢাকার আশুলিয়া এলাকায় গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন। এসব ঘটনা তারই প্রমাণ বলে এলাকাবাসী মনে করেন।