আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জীবননগরের ধোপাখালীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জীবননগর থানা ও মনোহরপুর ইউনিয়নবাসীর আয়োজনে শনিবার (১৮ই জুলাই) বিকালে ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

এসময় তিনি বলেন, ‘মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। যারা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আন্তরিক, জেলা পুলিশ তাদের পুনর্বাসন ও সমাজে পুনঃএকীভূত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবে। তবে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ছাড় দেওয়া হবে না।’

সমাবেশ চলাকালে ১৬ জন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন এবং ভবিষ্যতে আর কোনোদিন মাদককারবারে নিজেদের জড়াবেন না বলে পুলিশ সুপারের নিকট অঙ্গীকার করেন। এসময় আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ভবিষ্যতে মাদকমুক্ত জীবনযাপন ও সমাজের কল্যাণে কাজ করার শপথ গ্রহণ করানো হয়।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।