​নিজস্ব প্রতিবেদক, বরিশাল।।
​বরিশালের জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরে দক্ষিণবঙ্গের স্বনামধন্য শ্রীমদ্ভাগবত পাঠক শ্রী গ গৌর গোবিন্দ দাসের বাসভবনের গৃহমন্দিরে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ডাকাত দল মন্দিরে অবস্থানরত সেবায়েতসহ ৩ জনকে চেতনানাশক প্রয়োগে সংজ্ঞাহীন করে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আগরপুরের রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতি অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ উক্ত গৃহমন্দিরে অবস্থান করছিল। প্রতিদিনের ন্যায় পূজা-অর্চনা শেষে রাতে মন্দির কক্ষেই ঘুমিয়ে ছিলেন নিতাই গৌর দাস, প্রিয় চিকন মাসি এবং মন্দিরের প্রধান সেবায়েত শ্রী ব্রহ্মানন্দ গোস্বামী।

​দুষ্কৃতকারীরা গভীর রাতে কৌশল অবলম্বন করে বিষাক্ত/চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে তাদের সবাইকে অজ্ঞান করে ফেলে। পরবর্তীতে মন্দিরে থাকা নগদ অর্থ এবং দেবোত্তর ও ব্যক্তিগত মূল্যবান স্বর্ণালংকার লুটপাট করে চম্পট দেয়।

​আজ সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আগরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি)। তিনি সরজমিনে পরিদর্শনের পর প্রাথমিক আলামত সংগ্রহ ও রিপোর্ট প্রস্তুত করেন।

​চেতনানাশক প্রয়োগে গুরুতর অসুস্থ ৩ জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত গৈলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন ৩ জনের মধ্যে ১ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
​আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ  জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্তকরণ, গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযানে নেমেছে।”

​এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী, ভক্তবৃন্দ ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মাঝে গভীর ক্ষোভ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।