বরিশাল ব্যুরো:: প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির মধ্যে একটি ধারালো ব্লেড পাওয়া গেছে। বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।বুধবার (২২ জুলাই) বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।জানা গেছে, ওই স্কুলের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী টিফিন খাওয়ার জন্য রুটি ছিড়লে এর মধ্যে একটি ব্লেড দেখতে পায়।বিষয়টি তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়।
সূত্রে আরও জানা গেছে, রুটিটি খাওয়ার আগেই তার মধ্যে ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থীর কোনো শারীরিক ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজের সঙ্গে কথা বলে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।
অপরদিকে ঘটনার পর অভিভাবকরা শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।এ বিষয়ে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম ফোনকলে বলেন, বৃহস্পতিবার সকালে স্কুলটি পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।