বাবুগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে অভিযান চালিয়ে দুটি ফার্মেসিকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন অনুযায়ী দুটি মামলা করা হয়। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ বিক্রির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার অভিযোগে দুটি ফার্মেসিকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, ‘জনস্বার্থে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। কোনো ফার্মেসি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বা লাইসেন্সসংক্রান্ত বিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।