আমিনুর রহমান নয়ন: ইয়াবা ট্যাবলেটসহ রাজন আহমেদ (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জীবননগর থানা পুলিশ। রবিবার সকাল পৌনে ৬টার দিকে মাধবখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য (সামারি ট্রায়াল) আসামি রাজন আহমেদকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে বিচারে তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল। দণ্ডপ্রাপ্ত রাজন আহমেদ জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের আব্বাস আলীর ছেলে।
পুলিশ জানায়, জীবননগর থানা পুলিশের একটি দল রবিবার সকাল পৌনে ৬টার দিকে মাধবখালী গ্রামে অভিযান চালিয়ে রাজন আহমেদকে আটক করেন। এসময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় ৪ পিস ইয়াবা ট্যাবলেট। পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ গঠন করে আদালতে উপস্থাপন করা হলে চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল বিচার শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রাম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার রহুল কবীর খান।