ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের সালথায় মো. আক্কাস মাতুব্বর (৪৮) নামের এক ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার সকাল থেকে ১২ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।আক্কাস মাতুব্বর সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি একই ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের বাসিন্দা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি টিনের ঘরের খাটের ওপর খালি গায়ে বসে সরঞ্জাম ব্যবহার করে আগুন জ্বালিয়ে তিনি ইয়াবা সেবন করছেন। এ সময় তাঁর সামনে বসে থাকা অপর এক অজ্ঞাত ব্যক্তির পা দেখা যায়। ধারণা করা হচ্ছে, তিনিই ভিডিওটি ধারণ করেছেন।
তবে দেড় বছর আগে জোর করে তাঁকে দিয়ে ইয়াবা সেবন করিয়ে এই ভিডিওটি করা হয়েছে বলে দাবি করেছেন ইউপি সদস্য আক্কাস। ২০২৪ সালের ৫ আগস্টের পর পাশের জেলার হুগলাকান্দি এলাকায় কয়েকজন ব্যক্তি আটকে রেখে জোরপূর্বক তাঁর হাতে ইয়াবা দিয়ে এই ঘটনা ঘটায় বলে তাঁর দাবি।এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত ইউপি সদস্য আক্কাসকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।