বরিশাল প্রতিনিধি:: অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহনের সময় বার্জ ও এক্সক্যাভেটরসহ ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বুধবার (২৯ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।এর আগে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের বরিশাল স্টেশনের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বরিশাল সদর থানাধীন লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহনের সময় ১টি বার্জ ও ১টি এক্সক্যাভেটরসহ ৬ জন মাটি উত্তোলনকারীকে আটক করা হয়।পরে বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলামের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং মাটি উত্তোলনকারীদের মুচলেকা নিয়ে বার্জ ও এক্সক্যাভেটরসহ ছেড়ে দেওয়া হয়।মাটিখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসতভিটা রক্ষায় বরিশাল সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।