বরিশাল ব্যুরো:: ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়কে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী এক তরুণী।
নয়ন সরকার জয় বরগুনা জেলার বাসিন্দা নারায়ণ সরকারের ছেলে ও বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি। তিনি বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলিতে ভাড়া বাসায় বসবাস করেন এবং বিএম কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
মামলার অভিযোগে তরুণী উল্লেখ করেন, জয়ের সঙ্গে ২০২৪ সালে প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। গত ছয় মাস ধরে বিয়ের কথা বললে বিষয়টি এড়িয়ে গিয়ে এখন লাপাত্তা রয়েছেন নয়ন। তার মা আমাকে বউ হিসাবে মেনে নেবেন না বলে জানিয়েছেন।
তরুণীর অভিযোগ, গ্রেফতারের আগে জয় পলাতক অবস্থায় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দিয়েছেন। এছাড়া মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন।কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রেক্ষিতে নয়ন সরকারকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।