নিজস্ব প্রতিবেদক:: ছাত্র-জনতার টানা আন্দোলনের মুখে বরিশালের সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামানকে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রবিবার (২ আগস্ট) দুপুরে বদলির প্রজ্ঞাপন জারির পর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডা. মো. মনিরুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। আগামী ৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত ২৪ জুলাই বরিশালের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব নেন ডা. মনিরুজ্জামান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অপসারণের দাবিতে ছাত্র-জনতা আন্দোলন শুরু করে। টানা ছয় দিন অবস্থান কর্মসূচি পালনের পর আজ সকালে সিভিল সার্জন কার্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হয়।

এ সময় কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয় থেকে বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে প্রায় দুই ঘণ্টা কার্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে। এতে স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। দুপুরে বদলির খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা প্রধান ফটকের তালা খুলে দেন এবং কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। পরে আন্দোলনের সমাপ্তির প্রতীক হিসেবে কার্যালয় প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়।আন্দোলনের সমন্বয়ক সাব্বির হোসেন বলেন, দাবি বাস্তবায়ন হওয়ায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। আন্দোলনের স্মারক হিসেবে কার্যালয় প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়েছে।