নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘরে পাশে বিস্ফোরণের ঘটনায় মা, কন্যা ও নাতি গুরুতর আহত হয়েছেন।সোমবার সকাল ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন।আহতরা হলেন- শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও নাতি ফাহিম। অগ্নিদগ্ধ অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আদিল হোসেন বেলা পৌনে একটার দিকে বলেন, ‘প্রাথমিকভাবে শুনেছি, দুধলমৌ গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারব। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।’
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল জানান, ঘরের পাশে রাখা বালুর বস্তায় একটি বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তারা দ্রুত ঘরের পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। তবে ততক্ষণে তাদের শরীরের পোশাক সম্পূর্ণ পুড়ে যায়।গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বোমাটি কোথা থেকে এলো, সে বিষয়ে তারা কিছুই জানেন না।