চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বাদ আসর উপজেলার সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে চরফ্যাশন ঈদগাহ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরিফ হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ বলেন, “জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়, স্বাধীন মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমন কমিশনসহ সকল প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ ও আহতদের ত্যাগ কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।”
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রধান অতিথি বলেন, “শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে আহত যোদ্ধাদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসাইন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়কারী অহিদ ফয়সাল, সহ সমন্বয়কারী শফিউল্লাহ শফি, জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।