আমিনুর রহমান নয়ন: বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৭ই আগস্ট) সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বিওপির আওতাধীন নবদুর্গাপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বেনীপুর বিওপির একদল বিজিবি শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬২/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ধান ক্ষেতের পাশে বিশেষ টহল পরিচালনা করে।
এসময় ৮ বাংলাদেশী নারীকে আটক করা হয়। তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। অভিযানে নেতৃত্ব দেন সুবেদার মো. ফিরোজ। আটকদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।