ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট ভ্রমণ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।রবিবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন। নৌকায় বসে ভাসমান হাটের বেচাকেনা ও আশপাশের সবুজ-শ্যামল পরিবেশ উপভোগ করেন তিনি।
ভীমরুলী ভাসমান হাটে কিছুক্ষণ অবস্থানের পর ট্রলারযোগে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশ্যে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট ভ্রমণ তিনি বেশ উপভোগ করেছেন। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে অভিভূত করেছে।