আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের উত্তর প্রদেশে সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে গোমূত্র (গরুর প্রস্রাব) সংগ্রহ করতে একটি পাইলট প্রকল্প শুরু করা হয়েছে। প্রকল্পটি রাজ্যের বুলন্দ শহরের ১৫টি গ্রামে চালু করা হয়েছে। প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতি লিটার গোমূত্র ২০ রুপি (বাংলাদেশি টাকায় ২৫ টাকা ৮৮ পয়সা) দরে সংগ্রহের পরিকল্পনা রয়েছে যোগী আদিত্যনাথ সরকারের। গ্রামগুলোতে ২০০ লিটার গোমূত্র ধারণক্ষমতার ট্যাঙ্কও বসানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটির উদ্দেশ্য কৃষকদের অতিরিক্ত আয়, গ্রামীণ নারীদের কর্মসংস্থান এবং দুধ না দেওয়া গরুর রক্ষণাবেক্ষণে সহায়তা করা।ওই প্রকল্পে প্রায় ৩০০ নারী যুক্ত হয়েছেন এবং তাদের এফপিওর শেয়ারহোল্ডার করা হয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতাকারী নারীরা প্রতি লিটারে দুই রুপি কমিশন পাচ্ছেন।
সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহার করে রাসায়নিক সার ও কৃষি-উপকরণের বিকল্প তৈরির পরিকল্পনা রয়েছে। প্রকল্প সফল হলে রাজ্যজুড়ে এটি চালুর জন্য পৃথক নীতি প্রণয়ন করার কথা জানানো হয়েছে।
রাজ্যের বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি) এই উদ্যোগকে ‘কেলেঙ্কারি’ আখ্যা দিয়েছে।সমাজবাদী পার্টির মুখপাত্র মুহাম্মদ আজম খান অভিযোগ করেছেন, নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ করতেই এই কেলেঙ্কারি করা হচ্ছে। রাজ্যে গরু বা গরুর খামারি কেউই নিরাপদ নয়। এই প্রকল্প দিয়ে কোনো উয়ন্ন হবে না।অভিযোগ অস্বীকার করে বিজেপির মুখপাত্র হিরো বাজপেয়ী বলেছেন, রাজ্যের প্রতিটি উন্নয়ন প্রকল্পে ত্রুটি খুঁজে পায় সমাজবাদী পার্টি।