আমিনুর রহমান নয়ন: যশোরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১৬.৬২ গ্রাম ওজনের সোনার একটি বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (১২ই আগস্ট) ভোরে যশোর-চৌগাছা মহাসড়কে সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক যুবক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহলদল মহাসড়কে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে আটক যুবকের শরীর তল্লাশি করে ১১৬.৬২ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত বারের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা। এছাড়া জব্দ করা হয় একটি বাটন মোবাইল ফোন ও ১৭০ টাকা জব্দ করা হয়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে সোনার বারটি বহন করছিলেন।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে। জব্দৃকত স্বর্ণের বার জমা করা হয়েছে যশোর ট্রেজারি অফিসে। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম সাইফুল আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।