রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়িয়েছেন লন্ডন প্রবাসী ব্যারিস্টার মিজানুর রহমান খান ও নরওয়ে প্রবাসী সজিব হাওলাদার!
আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬ ইং) খয়রাবাদ বাজারের ব্যাবসায়ী খয়রাবাদ যুব ক্লাব সংগঠনের উপদেষ্টা মোঃ অনিক আহম্মেদ (খোকন) জহিরুল ও ইদ্রিস মল্লিকের পরিবার এর হাতে তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন। এই মানবিক উদ্যোগের ফলে পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে।

গত ৪ আগস্ট “শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান” শিরোনামে প্রকাশিত একটি সংবাদ দেখে মানবিক সহায়তার আগ্রহ প্রকাশ করেন তিনি। বরিশালের জনপ্রিয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল updatenewsbd24.com- এ সংবাদটি প্রকাশের পর বিষয়টি তাঁদের নজরে আসে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান খান বলেন, মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কাজ করে আসছে। সংগঠনটি শিক্ষা সহায়তা, অসহায় পরিবারের জন্য আর্থিক সহযোগিতা, মসজিদ-মাদ্রাসা ও এতিম শিক্ষার্থীদের সহায়তা, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

প্রবাসী সজিব মুঠো ফোনে বলেন, আমার সামান্য এই সহযোগিতায় যদি তাঁদের কিছুটা উপকার হয়, তাহলেই আমি আনন্দিত হব। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক ব্যক্তিদের সহযোগিতাও কামনা করেন।