বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে।রবিবার দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর।উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভূমি তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান প্রমূখ।প্রধান অতিথি সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, মাছ আমাদের আমিষের অন্যতম উৎস। আমিষের চাহিদা পূরণে বাণিজ্যিকভাবে মাছ চাষে বাংলাদেশের মৎস্য খামারিরা বেশ সাফল্য অর্জন করেছেন। আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশেও মৎস্য সম্পদ রফতানি করা হচ্ছে। পরে তিনজন সফল মৎস্য চাষির মাঝে পুরস্কার প্রদান করা হয়।