অনলাইন ডেস্ক:: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তার নারী হলেন মনোয়ারা বেগম (৪৫)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া গ্রামের বাসিন্দা ও আয়নাল হকের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালানোর সময় মনোয়ারা বেগমের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে দেওয়ানগঞ্জ থানায় পাঠানো হয়েছে।সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।