বগুড়া প্রতিনিধি:: বগুড়ায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা, মোবাইল ফোন ও সিমকার্ডসহ কিশোর গ্যাং জালাল গ্রুপের মোট ১১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে বগুড়ার শাজাহানপর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল তালপুকুর পাড়া ও হাটখোলা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর বাজারের মৃত আসাদ আলী মণ্ডলের ছেলে গ্রুপের প্রধান জালাল মণ্ডল (৩৮)। তিনি বর্তমানে শাবরুল এলাকায় বসবাস করছিলেন। গ্রেফতার বাপ্পী হাসান (২১) শাবরুল হাটখোলা পাড়ার জহুরুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে লোহার তৈরি ২টি চাপাতি, ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও ১টি সিমকার্ড জব্দ করা হয়।
পরবর্তীতে একই দিন ভোর ৫টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল (হাটখোলা পাড়া) এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে ইউনুস প্রামানিকের ছেলে ইউসুফ প্রামানিক (২২), রমজান আলীর ছেলে রাব্বি হাসান (২২), মিলন হোসেনের ছেলে মেহেদী হাসান (২৩), মৃত. কাশেম প্রামানিকের ছেলে রিপন প্রামানিক (২৭), ইনছান প্রামানিকের ছেলে আকাশ প্রামানিক (১৯), ইনসানের ছেলে মো. শুভ (২০), শামসুল আলম শান্তের ছেলে কাইয়ম প্রামানিক (১৯), দুলু প্রামানিকের ছেলে কাউছার হোসেন (২০) এবং আইনের সহিত সংঘাতে জড়িত আলিমের ছেলে শিশু সামিউল ইসলাম সানি (১৪)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে লোহার তৈরি ৯টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি বল্লম, ৫টি মোবাইল ফোন ও ১১টি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে জালাল মন্ডলকে কেন্দ্র করে এলাকায় একটি কিশোর গ্যাং সক্রিয় থাকার তথ্য পাওয়া যায়। প্রাথমিকভাবে তারা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র বহন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র্যাবের নজরদারিতে ছিল। গ্রেফতারকৃত বাপ্পী হাসানের বিরুদ্ধে শাজাহানপুর থানায় দায়ের করা একটি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়া জালাল মন্ডলের বিরুদ্ধেও পূর্বের একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড্রন লিডার (কোম্পানি কমান্ডার) ফিরোজ আহমেদ জানান, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।