ভোলা প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।

র‍্যালি শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান ও কবির হোসেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলি, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুনতাসীর আলম রবীন চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।